বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪.অগ্রাহায়ণ.১৪৩৩

প্রকাশিত: ০১:৫৭, ১৮ নভেম্বর ২০২৬

গ্লোবাল শিল্ডের আওতায় ৪১৫ কোটি টাকা জলবায়ু অনুদান পাচ্ছে বাংলাদেশ

গ্লোবাল শিল্ডের আওতায় ৪১৫ কোটি টাকা জলবায়ু অনুদান পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত জরুরি সংবাদ ব্রিফিংয়

হাসান আজাদ, আনতালিয়া (তুরস্ক) থেকে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় প্রায় ৪১৫ কোটি টাকা অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ। এই অর্থ জলবায়ু ঝুঁকি সংক্রান্ত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, জলবায়ু বীমা এবং আর্থিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে ব্যয় করা হবে। কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যতে আরও ২৫০ কোটি টাকা সহায়তার প্রতিশ্রুতি রয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত জরুরি সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা ড. সাইমুম পারভেজ।

তিনি জানান, গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে এই অনুদান পেতে যাচ্ছে। এর আগে প্রায় তিন কোটি মার্কিন ডলার অনুদানের বিষয়টি নির্ধারিত হয়েছিল। সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এই সহায়তা পাচ্ছে।

ড. সাইমুম পারভেজ বলেন, অনুদানের অর্থ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ব্যবহার করা হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি চিহ্নিত করা, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর আর্থিক সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, জলবায়ু বীমা ও অন্যান্য আর্থিক সুরক্ষাব্যবস্থার মাধ্যমে এই সহায়তার সুফল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরও প্রায় ২৫০ কোটি টাকা সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এই অর্জনের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূমিকার কথা উল্লেখ করেন ড. সাইমুম পারভেজ। তাঁর মতে, সরকারের উদ্যোগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টার ফলে বাংলাদেশ আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেয়েছে।

সর্বশেষ