সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১.অগ্রাহায়ণ.১৪৩৩

প্রকাশিত: ১৯:৫২, ১৫ নভেম্বর ২০২৬

তিন মাসে ৪ হাজার মেগাওয়াট, সৌরবিদ্যুৎ কার্বন কর নিয়ে স্পষ্ট নয় ঢাকা

তিন মাসে ৪ হাজার মেগাওয়াট, সৌরবিদ্যুৎ কার্বন কর নিয়ে স্পষ্ট নয় ঢাকা
কপ৩১-এ বাংলাদেশ

হাসান আজাদ আনতালিয়া তুরস্ক থেকে

কপ৩১ সম্মেলনে আগামী তিন মাসের মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ। ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যও পুনর্ব্যক্ত করেছে সরকার। তবে নবায়নযোগ্য জ্বালানিতে বড় পরিকল্পনার ঘোষণা এলেও ইউরোপীয় ইউনিয়নের কার্বন সীমান্ত কর (সিবিএএম) এবং বৈশ্বিক বিদ্যুতায়ন উদ্যোগে বাংলাদেশের অবস্থান এখনো স্পষ্ট হয়নি।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় কপ৩১-এর ব্লু জোনে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য উঠে আসে। সংবাদ সম্মেলনে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মনসুরা আক্তার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুত

সংবাদ সম্মেলনে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে আগামী তিন মাসের মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে ঘোষিত ৪ হাজার মেগাওয়াটের কতটুকু নতুন স্থাপিত সক্ষমতা, কতটুকু নির্মাণাধীন প্রকল্প কিংবা কতটুকু উৎপাদনে আসবে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এ খাতে বিনিয়োগ বাড়ানো গেলে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

 

ইইউর কার্বন কর নিয়ে স্পষ্ট জবাব নেই

বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম (সিবিএএম) নিয়ে সরকারের অবস্থান।

ইউরোপীয় ইউনিয়নের এই কার্বন কর উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য ও রপ্তানিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে এবং এ বিষয়ে বাংলাদেশের অবস্থান কী। উপস্থিত এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে  পরিবেশমন্ত্রী সিবিএএম নিয়ে সরাসরি কোনো অবস্থান জানাননি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কোনো সীমান্ত নেই। শিল্পায়নের মাধ্যমে যেসব দেশ বেশি সুবিধা পেয়েছে এবং বৈশ্বিক জলবায়ু সংকটে বেশি অবদান রেখেছে, তাদের ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তার ক্ষেত্রে বেশি দায়িত্ব নিতে হবে।

মন্ত্রী সতর্ক করে বলেন, জলবায়ু মোকাবিলার নামে এমন কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়, যা বাংলাদেশের বাণিজ্য, রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে নতুন বাধা সৃষ্টি করে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ইইউর সিবিএএম পূর্ণাঙ্গ আর্থিক পর্যায়ে প্রবেশ করেছে। বর্তমানে লোহা ও ইস্পাত, অ্যালুমিনিয়াম, সিমেন্ট, সার, বিদ্যুৎ ও হাইড্রোজেন—এই ছয়টি খাত এর আওতায় রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক সরাসরি বর্তমান তালিকায় না থাকলেও ভবিষ্যতে এর পরিধি সম্প্রসারণ এবং সরবরাহব্যবস্থায় কার্বন ব্যয়ের প্রভাব নিয়ে উদ্বেগ রয়েছে।

 

জলবায়ু অর্থায়নে ১০০ বিলিয়ন ডলারের প্রয়োজন

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের প্রায় ৯০ থেকে ১০০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি থাকলেও অর্থ পাওয়ার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে জটিল। বাংলাদেশ সব অর্থ অনুদান হিসেবে চায় না; তবে সহজ শর্তে, দীর্ঘমেয়াদি পরিশোধের সুযোগসহ স্বচ্ছ ও সহজলভ্য অর্থায়ন চায়।

কপ২৯-এ ২০৩৫ সালের মধ্যে বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়। পাশাপাশি সব উৎস থেকে বছরে অন্তত ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়ন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের হালনাগাদ জাতীয় জলবায়ু অঙ্গীকার অনুযায়ী, নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা পেলে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে।

 

নদীভাঙন ও বাস্তুচ্যুত মানুষের জন্য অর্থায়নের দাবি

জলবায়ু অর্থায়ন শুধু নিঃসরণ কমানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষায় ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।
পরিবেশমন্ত্রী বলেন, নদীভাঙন, উচ্চ জোয়ার, খরা ও অন্যান্য জলবায়ুজনিত কারণে যারা বাস্তুচ্যুত হচ্ছেন, তাদের ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

এ ছাড়া স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে ২০৩৫ সালের আগেই বার্ষিক অভিযোজন অর্থায়ন ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবির সঙ্গে বাংলাদেশ একাত্মতা প্রকাশ করেছে।

গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার দাবিও জানানো হয়েছে।
জলবায়ু সহনশীলতায় ৩০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার সুযোগ

জলবায়ু বিনিয়োগ তহবিলের (সিআইএফ) আরআইএসই কর্মসূচির প্রথম পর্যায়ে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এর আওতায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সর্বোচ্চ ৩০ মিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা তৈরির সুযোগ রয়েছে।

উপকূলীয় অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুবান্ধব কৃষি এ পরিকল্পনার সম্ভাব্য অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এ অর্থ এখনো অনুমোদিত বা বিতরণ করা হয়নি। বিনিয়োগ পরিকল্পনা পর্যালোচনার পর অর্থায়নের বিষয়ে সিদ্ধান্ত হবে।

 

ঘোষণা থেকে বাস্তবায়ন—নজর এখন সৌরবিদ্যুৎ পরিকল্পনায়

কপ৩১-এ বাংলাদেশের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ, জলবায়ু অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে। কিন্তু আগামী তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা যুক্ত করার ঘোষণা বাস্তবে কীভাবে কার্যকর হবে, তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।
একই সঙ্গে বৈশ্বিক বিদ্যুতায়ন উদ্যোগ ‘৩৫ বাই ৩৫’ এবং ইইউর কার্বন সীমান্ত কর নিয়ে বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা না আসায় আন্তর্জাতিক জলবায়ু আলোচনা ও বাণিজ্যনীতিতে দেশের অবস্থান নিয়ে প্রশ্ন রয়ে গেছে।