বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪.অগ্রাহায়ণ.১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১, ১৮ নভেম্বর ২০২৬

রূপপুরের বিদ্যুৎ প্রথমবার যুক্ত হলো জাতীয় গ্রিডে

রূপপুরের বিদ্যুৎ প্রথমবার যুক্ত হলো জাতীয় গ্রিডে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক পরীক্ষা-নিরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে দেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এ গ্রিড সংযোগ কার্যক্রম শুরু হয়। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান, প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেনসহ সংশ্লিষ্ট প্রকৌশলী, বিজ্ঞানী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ঊর্ধ্বতন তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ দেশে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ফার্স্ট গ্রিড কানেকশন বা প্রথম গ্রিড সংযোগ কার্যক্রমের অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে উৎপাদিত বিদ্যুৎ ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা এবং স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরবর্তী পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে। এসব পরীক্ষার ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান বলেন, মঙ্গলবার বিকেলে গ্রিড সিনক্রোনাইজেশনের পরীক্ষা শুরু হয়েছে। এর অংশ হিসেবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া মানেই বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু নয়। এটি মূলত বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এবং গ্রিড তা গ্রহণে কতটা সক্ষম, তা যাচাইয়ের কারিগরি পরীক্ষা।

তিনি আরও বলেন, প্রথমবার বিদ্যুৎ সরবরাহের পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণ করে এর কার্যকারিতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। ফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

বিএইআরএর চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, গত অক্টোবরে রিয়্যাক্টরে নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন বিক্রিয়া শুরু হওয়ার পর তা সফলভাবে পরিচালিত হয়েছে। ধারাবাহিক পরীক্ষা শেষে প্রথম ইউনিট স্টেজ-সি কার্যক্রমের চূড়ান্ত অনুমোদন পায়। এ পর্যায়ে জ্বালানি থেকে উৎপন্ন তাপশক্তি ধাপে ধাপে বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থার বিভিন্ন অংশের কার্যকারিতা যাচাই করা হয়।

তিনি জানান, নির্ধারিত তাপমাত্রা ও শক্তির পর্যায়ে পৌঁছানোর পর স্টিম জেনারেটরে উৎপন্ন উচ্চচাপের বাষ্প পাইপলাইনের মাধ্যমে টারবাইনে পাঠানো হয়। সেই বাষ্পের চাপে টারবাইন ঘোরে এবং এর সঙ্গে যুক্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হয়। এখন গ্রিড সংযোগের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালনব্যবস্থায় সরবরাহের সক্ষমতা যাচাই করা হচ্ছে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে পূর্ণ উৎপাদন সক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও নিরাপত্তা মান অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর প্রথম ইউনিটের উৎপাদনক্ষমতা শতভাগে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে দ্বিতীয় ইউনিটের প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। আগামী বছর এ ইউনিটে পারমাণবিক জ্বালানি লোড করার পরিকল্পনা রয়েছে। রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিট চালাতে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হবে। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।

সর্বশেষ