সরকার ধীরে ধীরে আ. লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম
সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় ২২ জনকে সন্ত্রাসী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে। এতে জনগণের অধিকার চর্চায় প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সরকার ধীরে ধীরে আওয়ামী লীগের মতো স্বৈরাচার হিসেবে আবির্ভূত হচ্ছে।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষে মত বিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও বলেন, ‘সরকারি চাকুরি জীবিদের বেতন বৃদ্ধি করা হলেও পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করেনি। ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিকে সমর্থন জানিয়েছেন।’
সরকারে সমালোচনা করে আরও বলেন, ‘স্থানীয় নির্বাচনে তৃণমূল পর্যায়ে বিএনপি নেতারা আধিপত্য বিস্তার করছে। সামনের নির্বাচন সুষ্ঠু করতে না পারলে সরকার এবং নির্বাচন কমিশন ব্যর্থ হবে। বিগত সরকারের মতো দলীয়করণ নির্বাচন করলে রাজপথে নামবে এনসিপি।’
এ সময় এনসিপির রাজনৈতিক পর্ষদ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ, আলী আহসান জুনায়েদ, এনসিপির ঢাকা উত্তরের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ দলের জেলা উপজেলার সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।
















